
গাজা সিটির দক্ষিণে খাদ্য সহায়তার আশায় জড়ো হওয়া মানুষের ভিড় লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে অন্তত ১২ জন প্যালেস্টাইনি নিহত হয়েছেন। জানা গেছে, শনিবার ভোরে গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় আরো প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
এর মধ্যে রয়েছে মধ্য গাজার আজ-জাওয়াইদা শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনে ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন প্যালেস্টাইনি নিহত হয়েছেন বলে আল-আকসা শহীদ হাসপাতালের একটি সূত্র জানিয়েছে।আজ-জাওয়াইদার পশ্চিমাংশে আরো একটি বিমান হামলায় একজন প্যালেস্টাইনি নিহত হয়েছেন। দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে বাস্তুচ্যুতদের একটি শিবিরে ইসরায়েলি বিমান হামলায় আরো তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে নাসের হাসপাতালের একটি সূত্র জানিয়েছে। এদিকে, গাজার পরিস্থিতিকে রক্তাক্ত শুক্রবার হিসেবে বর্ণনা করা হচ্ছে, যেখানে একদিনেই ইসরায়েলি হামলায় ১০৬ জন প্যালেস্টাইনি প্রাণ হারিয়েছেন। অন্যদিকে,প্যালেস্টাইনের গাজা উপত্যকায় ইসরায়েল কর্তৃক গণহত্যার নিন্দা জানিয়েছেন দেশটির জনপ্রিয় লেখক ও শান্তিকামী কর্মী ডেভিড গ্রসম্যান।
তিনি বলেছেন,আমি এই শব্দটি বলছি এক ভাঙা হৃদয় নিয়ে।এক সাক্ষাৎকারে গ্রসম্যান বলেছেন, অনেক বছর ধরে আমি গণহত্যা শব্দটি ব্যবহার করতে অস্বীকৃতি জানিয়েছি। কিন্তু এখন, যেসব ছবি দেখেছি এবং যেসব মানুষের সঙ্গে কথা বলেছি- তারপর আমি আর চুপ থাকতে পারি না।








