
দুর্গাপুজোর মরসুমে জম্মু ও কাশ্মীরের ১২টি পর্যটনকেন্দ্র সোমবার থেকে খুলে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। পহেলগাঁও হামলার পর ওই পর্যটনকেন্দ্রগুলি বন্ধ রাখা হয়েছিল এতদিন।
শুক্রবার এ কথা ঘোষণা করেছেন কেন্দ্রশাসিত অঞ্চলটির লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। গত ২২ এপ্রিল পহেলগাঁও হত্যাকাণ্ডের পর নিরাপত্তা সংক্রান্ত কারণে থেকে সেগুলি বন্ধ রাখা হয়েছিল। ১২টি পর্যটনকেন্দ্রের মধ্যে সাতটি কাশ্মীর উপত্যকার- আরু ভ্যালি, র্যাফটিং পয়েন্ট ইয়ান্নের, আক্কাদ পার্ক, পাদশাহি পার্ক এবং কামান পোস্ট।
এ ছাড়া রয়েছে জম্মুর পাঁচটি পর্যটনস্থল। এগুলি হল দাগন টপ, রামবন, কাঠুয়ার ধাগগার, রিয়াসি এবং সালালের শিব গুহা। উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ২৬ জনকে হত্যা করেছিল পাকিস্তানি সন্ত্রাসবাদীরা। তার পরেই সম্ভাব্য নাশকতার আশঙ্কায় ওই পর্যটনকেন্দ্রগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল।
