
বিহারে বিধানসভা ভোটের আগে রাজ্যের প্রতিটি পরিবারকে বিনামূল্যে মাসে ১২৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এর ফলে বিহারের ১ কোটি ৬৭ লক্ষ পরিবার উপকৃত হবে বলে জানা গিয়েছে। এক্স পোস্টে বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমার জানিয়েছেন, আগামী ১ অগাস্ট থেকেই বিনামূল্যের এই পরিষেবা পাবেন প্রত্যেকে।
এমনকি জুলাই মাসের বিলে ১২৫ ইউনিটের বা তার কম বিদ্যুৎ খরচে কোনও টাকা দিতে হবে না বলে জানিয়েছেন তিনি। নীতীশ লিখেছেন, একদম শুরুর দিন থেকে সুলভ মূল্যে প্রত্যেককে বিদ্যুৎ পরিষেবা দিয়ে যাচ্ছে। এখন সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, ১ অগাস্ট থেকে ১২৫ ইউনিট পর্যন্ত খরচে কাউকে বিদ্যুতের জন্য টাকা দিতে হবে না।
তাপবিদ্যুতের ব্যবহার কমিয়ে আগামী তিন বছরে বিহারে আরও সৌরবিদ্যুৎ কেন্দ্র তৈরিরও আশ্বাস দিয়েছেন নীতীশ কুমার। জানিয়েছেন, কুটির জ্যোতি যোজনা প্রকল্পে কোনও গরিব পরিবার বাড়িতে সৌর প্যানেল বসালে তার খরচ বহন করবে তাঁর সরকার।
