
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত ১৩। ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে। দুটি ট্রাকের মাঝে পিষ্ট হয়ে নিহত ১৩ জন। আহত ৫ জন। জানা যাচ্ছে , বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে বরযাত্রীর গাড়ি দুটি ট্রাকের মাঝে পরে এই দুর্ঘটনাটি ঘটে।
বিয়েবাড়ি থেকে বাড়ি ফিরছিলেন তারা। পুলিশ সূত্রে খবর, রবিবার ১২ জুলাই বিকেলে ইন্দ্রামায়ু রিজেন্সির কিয়াজারান কুলোন গ্রামের কাছে উত্তর উপকূলীয় মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। গাড়িতে থাকা যাত্রীরা পাশের পারিয়ান গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান শেষে নিজেদের বাড়িতে ফিরছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, পথে একটি ইউ-টার্ন নেওয়ার জন্য গাড়িটি ডিভাইডারের কাছে গতি কমিয়ে থামলে একই দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক পিছন থেকে সজোরে ধাক্কা মারে।
ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসা আরেকটি ট্রাক গাড়িটিকে ধাক্কা দিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। প্রচণ্ড সংঘর্ষের জেরে গাড়িতে থাকা বহু যাত্রী রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই একাধিক মানুষের মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশের দাবি, আহত পাঁচজনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে সেদেশের পুলিশ।
