
জম্মু-কাশ্মীরে অজানা জ্বরে ১০ শিশু-সহ ১৩ জনের মৃত্যুতে আতঙ্ক ছড়িয়েছে। জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন অনেকে।
কী ধরনের সংক্রমণ ঘটেছে, তা এখনও জানা যায়নি। আক্রান্তদের স্যালাইভা পরীক্ষা করতে দেওয়া হয়েছে। সূত্রের খবর, রবিবার জম্মুর রাজৌরি জেলায় দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়। অজানা জ্বরেই তাদের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়। শনিবার একই পরিবারের ৬ জন শিশুকে জ্বর ও অন্যান্য উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তারমধ্যে বছর পাঁচেকের এক শিশুকন্যার শারীরিক অবস্থা ছিল সঙ্কটজনক। প্রচণ্ড শ্বাসকষ্টে ভুগছিল সে। সকালে তার মৃত্যু হয়। এরপর একে একে আরও অনেক শিশুর মৃত্যুর খবর আসতে থাকে রাজৌরির বিভিন্ন হাসপাতাল থেকে। জম্মুর সরকারি মেডিক্যাল কলেজ, এসএমজিসি হাসপাতাল-সহ রাজৌরির কয়েকটি বেসরকারি হাসপাতালেও ভর্তি রয়েছেন অনেকে। সংক্রামক রোগ বিষয়ক চিকিৎসক আশুতোষ গুপ্ত জানিয়েছেন, আক্রান্তদের মধ্যে জ্বর, সর্দি-কাশি, বমি ভাব, শরীরে জলশূন্যতার উপসর্গ দেখা দিচ্ছে। প্রচণ্ড ঘাম হচ্ছে রোগীদের, অনেকেই ঘন ঘন জ্ঞান হারাচ্ছেন।
রাজৌরির মুখ্য স্বাস্থ্য আধিকারিক মনোহর লাল জানিয়েছেন, রাজৌরির ঘরে ঘরে নমুনা পরীক্ষার কাজ শুরু হয়েছে। প্রাথমিক পরীক্ষায় অনুমান করা হচ্ছে, কোনও ভাইরাসেরই সংক্রমণ ঘটেছে।







