
ছত্তিশগড়ের রায়পুরে ট্রাক ও ট্রেলারের ভয়াবহ সংঘর্ষে ১৩ মারা গিয়েছেন। গুরুতর জখম হয়েছেন ১১ জন। তাঁরা রায়পুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, নিহত ও আহতরা সকলেই নারী ও শিশু। তারা একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়ে রবিবার রাতে ট্রাকে চেপে বাড়ি ফিরছিলেন। সেই সময়ই রায়পুর-বালোদাবাজার রোডের সারাগাঁও গ্রামের কাছে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে।
জেলাশাসক গৌরভ সিং জানিয়েছেন, দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। আহতদের ভীমরাও আম্বেদকর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান কোনও একটি গাড়ির ব্রেক ফেল করার ফলে দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এছাড়া কোনও গাড়ির চালক ঘুমিয়ে পড়ার কারণেও দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে।
