
চিপস চুরির অপবাদে পাঁশকুড়ায় আত্মঘাতী হয়েছে ক্লাস সেভেনের ছাত্র। এবার বিস্কুট চোর সন্দেহে হাবরায় ১৩ বছরের নাবালককে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দোকানদারের বিরুদ্ধে।
জানা গিয়েছে হাবরার সংহতি স্টেশন লাগোয়া শলুয়া এলাকায় বাসিন্দা সঞ্জয় হালদার জানিয়েছেন তিনি ছেলেকে ২০ টাকা দিয়ে কাজে গিয়েছিলেন। বিকেলে তাঁর ছেলে বন্ধদের সঙ্গে মাঠে খেলতে গিয়েছিল। ফেরার সময় বন্ধুদেরকে নিয়ে সংহতি শলুয়া রেলগেট সংলগ্ন শচীন্দ্রনাথ দাসের মুদির দোকানে যায়। বিস্কুট কিনে টাকা দেওয়ার আগেই ২ বন্ধু চলে যায়। তখন শঙ্কর পাল নামে পাশের এক দোকানদার শচীন্দ্রনাথকে বলেন ২ নাবালক বিস্কুট নিয়ে পালিয়েছে। এই কথা শুনেই কাঠের টুকরো দিয়ে নাবালকদের ওপর চড়াও হন। অভিযোগ তিন নাবালক পালিয়ে গেলে সঞ্জয় হালদারের ছেলের নাক ফাটিয়ে দেন দোকানি শচীন্দ্রনাথ। মঙ্গলবার রাতেই অভিযুক্ত দোকানির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। যদিও এখন গ্রেফতার হয়নি অভিযুক্ত।
ঠিক যেমনটা পাঁশকুড়াকাণ্ডে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার দোকানিকে গ্রেফতার করেনি পুলিশ। ৩ দিন পরেও এখনও অভিযুক্ত শুভঙ্কর দীক্ষিতকে গ্রেফতার না করায় ক্ষোভ বাড়ছে।
