
ওমান উপকূলে ডুবন্ত একটি জাহাজ থেকে উদ্ধার করা হয়েছে ভারতের ১৪ জন নাবিককে। সূত্র মারফত জানা গিয়েছে, এই উদ্ধারকাজে ওমানের স্থানীয় প্রশাসনকে সাহায্য করেছে মার্কিন নৌবাহিনী। ১৪ জনই আপাতত নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে।
রবিবার সকালে ভারতের পতাকাবাহী জাহাজটি ওমান উপকূল সংলগ্ন রাস অল হাড থেকে ৮০ নটিক্যাল মাইল দূরে ডুবে যাচ্ছিল। বিষয়টি নজরে আসতেই ওমান উপকূল কর্তৃপক্ষ এবং ভারতের নৌবাহিনীকে সতর্ক করে মার্কিন নৌসেনা।
তার পরেই লাইফবোট নামিয়ে ওই জাহাজে থাকা ১৪ জন ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়। এখনও ওই এলাকায় উদ্ধারকাজ চলছে। উদ্ধারকাজ চলার কথা জানিয়েছে ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাসও। ওমানের ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, ওই জাহাজের নাম বিরাট ১। বাণিজ্যিক ওই জাহাজটির একটি ইঞ্জিন বিকল হয়ে গিয়েছিল।
