দর কষাকষি দেশগুলির থেকে ১৫-২০ শতাংশ শুল্ক : ট্রাম্প 

0
125
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
যে দেশগুলির সঙ্গে আলাদা করে বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা হবে না, তাদের উপর ১৫-২০ শতাংশ ন্যূনতম শুল্ক চাপাবে আমেরিকা। এমনটাই আভাস দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত এপ্রিলের ঘোষণা অনুসারে, সব দেশের উপর ১০ শতাংশ ন্যূনতম শুল্ক চাপানোর সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ বার তা আরও বৃদ্ধি করে ১৫-২০ শতাংশ করতে চলেছেন তিনি।
স্কটল্যান্ডের টার্নবেরিতে নিজের অভিজাত গলফ রিসর্টে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে বৈঠক সারেন ডোনাল্ড ট্রাম্প। ওই বৈঠকের পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন আমেরিকার প্রেসিডেন্ট। সেখানেই মার্কিন শুল্কনীতির প্রসঙ্গে এই মন্তব্য করেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, শীঘ্রই মার্কিন প্রশাসন প্রায় ২০০টি দেশকে নতুন শুল্কের কথা জানিয়ে দেবে। বাণিজ্যিক সমঝোতা না-হওয়া দেশগুলির জন্য আমেরিকার এই ন্যূনতম শুল্ককে নতুন বৈশ্বিক শুল্ক বলে ব্যাখ্যা করেন প্রেসিডেন্ট ট্রাম্প।আমেরিকার প্রেসিডেন্ট কথায়, এটি বৈশ্বিক শুল্ক ১৫-২০ শতাংশের মধ্যে থাকবে।
হয়তো এই দু’টি শুল্কহারের মধ্যে কোনও একটি ধার্য হবে। গত এপ্রিলে আমেরিকার নয়া শুল্কনীতি ঘোষণার পরেও তা স্থগিত রাখেন ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্যিক সমঝোতার জন্য সময় দেন বিভিন্ন দেশকে। ইতিমধ্যে বেশ কিছু দেশের সঙ্গে বাণিজ্যচুক্তি সেরে নিয়েছে তাঁর প্রশাসন। তবে ভারত-সহ বিভিন্ন দেশের সঙ্গে দর কষাকষি এখনও চলছে আমেরিকার।