বদ্রীনাথে তুষারধসে উদ্ধার আরও ১৫ শ্রমিক

0
132
ছবি সৌজন্যে : এক্স
উত্তরাখণ্ডের চামোলির মানা গ্রামের কাছে তুষারধসে আটকে পড়া আরও ১৪ শ্রমিককে উদ্ধার করেছে ভারতীয় সেনা। বরফের তলায় এখনও আটকে রয়েছেন ৮ শ্রমিক। তাঁদেরও উদ্ধারের চেষ্টা চলছে। এ নিয়ে এখনও পর্যন্ত ৪৯ জন শ্রমিককে তুষারধসের তলা থেকে উদ্ধার করা হয়েছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীকে ফোন করে উদ্ধারকাজের বিষয়ে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার দুপুরে উত্তরাখণ্ডের চামোলি জেলায় বদ্রীনাথের কাছে মানা গ্রামে ধস নামে।
তুষারধসে আটকে পড়েন বর্ডার রোড অর্গানাইজেশন-র অন্তত ৫৫ জন শ্রমিক। প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ বিআরও-র শ্রমিকদের উদ্ধার করতে সেনার পাশপাশি পাঠানো হয়েছে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর উদ্ধারকারী দলকেও। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে শুক্রবার উদ্ধারকাজ বিঘ্নিত হয়েছিল। দৃশ্যমানতা কমে আসার কারণে হেলিকপ্টার অবতরণ করানো যাচ্ছিল না দুর্ঘটনাস্থলে। শনিবার সকালে আবহাওয়ার কিছুটা উন্নতি হতেই পুনরায় হেলিকপ্টার পরিষেবা চালু করা হয়েছে।
উদ্ধার হওয়া শ্রমিকদের মধ্য জোশিমঠে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মানায় তুষারধসে আটকে পড়া ৫৫ জন শ্রমিকের নামের তালিকা ইতিমধ্যে প্রকাশ করেছে চামোলি পুলিশ। তালিকায় উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এবং বিহারের ১১ জন করে শ্রমিক রয়েছেন। এ ছাড়া হিমাচল প্রদেশের সাত জন, জম্মু ও কাশ্মীরের এক জন এবং পাঞ্জাবের এক জন শ্রমিক রয়েছেন। বাকি ১৩ জন শ্রমিকের ঠিকানা এখনও পর্যন্ত জানা যায়নি।