আরো ১৫ প্যালেস্টাইনির মৃতদেহ ফেরত

0
80
ছবি সৌজন্যে : এক্স

যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আরো ১৫ জন প্যালেস্টাইনির মরদেহ হস্তান্তর করেছে ইসরায়েল। দক্ষিণ গাজার খান ইউনুস শহরের নাসের হাসপাতাল এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক রেড ক্রস কমিটি মরদেহগুলো হাসপাতালটিতে স্থানান্তর করেছে।

তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।এই নতুন হস্তান্তরের ফলে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল কর্তৃক ফেরত দেওয়া প্যালেস্টাইনিদের মরদেহের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৫-এ।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল যেসব মরদেহ ফেরত দিয়েছে, তার অনেকগুলোতেই নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। অনেক মৃতদেহে মারধরের দাগ, হাত বাঁধা, চোখ বাঁধা, মুখ বিকৃত বা পোশাক ছেঁড়া অবস্থায় পাওয়া গেছে। অধিকাংশ মৃতদেহই নাম-পরিচয়হীন অবস্থায় ফেরত দেওয়া হয়েছে।গাজার ফরেনসিক ল্যাবরেটরি ও অন্যান্য পরীক্ষাগারগুলো ইসরায়েলি অবরোধ ও ধ্বংসযজ্ঞের কারণে অচল হয়ে পড়ায়, নিহতদের পরিবারগুলো পোশাক বা দেহে থাকা বিশেষ চিহ্ন দেখে স্বজনদের মরদেহ শনাক্ত করার চেষ্টা করছে।ইসরায়েলি দৈনিক হারেৎজ জানিয়েছে, দক্ষিণ ইসরায়েলের কুখ্যাত সদে তেইমান সামরিক ঘাঁটিতে গাজায় নিহত প্রায় দেড় হাজার প্যালেস্টাইনির মরদেহ এখনও ইসরায়েলি সেনারা আটকে রেখেছে।

উল্লেখ্য,যুদ্ধবিরতির প্রথম ধাপে ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দি ও মৃতদেহ বিনিময়ের প্রক্রিয়া অন্তর্ভুক্ত রয়েছে।চুক্তির পরিকল্পনা অনুযায়ী পরবর্তী ধাপে গাজা পুনর্গঠন ও হামাসবিহীন একটি নতুন প্রশাসনিক কাঠামো গঠনের বিষয়টিও রয়েছে।