
শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পড়ুয়াদের আত্মহত্যার ঘটনা বেড়েই চলেছে। এই আবহে এবার স্কুল, কলেজ, কোচিং সেন্টার, বিশ্ববিদ্যালয়, প্রশিক্ষণ কেন্দ্র এবং হস্টেলগুলির জন্য ১৫টি নির্দেশিকা জারি করেছে শীর্ষ আদালত। পড়ুয়াদের আত্মহত্যা ঠেকাতে কী কী ব্যবস্থা গ্রহণ করতে হবে, জানানো হয়েছে।
পড়ুয়াদের মধ্যে আত্মহত্যা ঠেকাতে দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, ছোট ছোট কেন্দ্রগুলিতেও বাধ্যতামূলক ভাবে মানসিক স্বাস্থ্য পর্যবেক্ষণ এবং কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতে বলেছে আদালত। বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে শুনানি চলছিল।
পড়ুয়াদের আত্মহত্যা ঠেকাতে উপযুক্ত আইনি বিধান কার্যকর না হওয়া পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে বলে জানিয়েছেন বিচারপতিরা। অন্ধ্রপ্রদেশে সম্প্রতি নিট পরীক্ষার্থীর আত্মহত্যা ঘিরে শোরগোল পড়ে যায়। সেই মামলায় সিবিআই তদন্ত চলছে। আর সেই আবহেই নির্দেশিকা জারি করল আদালত।








