
পশ্চিম মেদিনীপুরের শালবনি তাপবিদ্যুৎ কেন্দ্রে ১৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে মঞ্চ থেকে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রকল্পের শিলান্য়াস করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন,এই তাপবিদ্যুৎ কেন্দ্রের হাত ধরেই বাংলায় বিপুল কর্মসংস্থান হবে।চলতি বছরের বিশ্ব বাণিজ্য সম্মেলন থেকে সজ্জন জিন্দল কথা দিয়েছিলেন, বাংলায় আরও শিল্প গড়বেন। সেইমতো শালবনিতে তৈরি হতে চলেছে তাপবিদ্যুৎ কেন্দ্র। শালবনি থেকে সেই প্রকল্পেরই শিলান্যাস করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিনন্দন জানিয়েছেন জিন্দল গ্রুপের সকলকে। জানিয়েছেন, ৮০০ মেগাওয়াটের দুটি ইউনিট হবে।যার খরচ পড়বে ১৬ হাজার কোটি টাকা। পূর্ব ভারতে এর আগে এমন প্রোজেক্ট হয়নি বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী। ১৬০০ মেগাওয়াটের এই দুটি বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে রাজ্যের ২৩ টি জেলার বাসিন্দারাই উপকৃত হবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এরপরই তিনি মনে করিয়ে দিয়েছেন বাম জমানার কথা। বলেছেন, আগে বলা হত, লোডশেডিংয়ের সরকার, আর নেই দরকার। কিন্তু এখন ২৪ ঘণ্টাই বিদ্যুৎ সরবরাহ করা হয়। বলেছেন, আরও দুটো তাপবিদ্যুৎকেন্দ্র হবে জিন্দলদের। ফলে লোডশেডিংয়ের সমস্যা আর একদমই থাকবে না।
উল্লেখ্য মঙ্গলবার গোয়ালতোড়ে সৌরবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে দেউচা পাচামি প্রসঙ্গও। তিনি বলেছেন, ডেউচা-পাঁচামিতে বিশাল কোল ব্লক তৈরি হচ্ছে। ১ লক্ষ কর্মসংস্থান হবে।
