
ভোটগণনাকে প্রভাবিত করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ফোন পাওয়া দেশের ১৫০ জন জেলাশাসক সম্পর্কে তথ্য দিতে হবে। কংগ্রেস নেতা জয়রাম রমেশকে এমনই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
শনিবার জয়রাম রমেশ অভিযোগ করেছিলেন, ভোটগণনাকে প্রভাবিত করতে দেশের ১৫০ জন জেলাশাসককে ফোন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।জয়রাম রমেশের এই অভিযোগ ঘিরে বিতর্ক তৈরি হয়।এরপরই কমিশনের তরফে পাঠানো চিঠিতে বলা হয়েছে, এখনও পর্যন্ত কোনও জেলাশাসক প্রভাব বিস্তারের অভিযোগ তোলেননি। তবে জয়রাম রমেশের মতো প্রবীণ নেতার অভিযোগকে তারা গুরুত্ব দিতে চায় বলে জানিয়েছে কমিশন। কমিশন জনস্বার্থে ওই ১৫০ জন জেলাশাসক সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য জয়রাম রমেশকে নির্দেশ দিয়েছে।
