
উত্তর সিকিমে ভয়াবহ পরিস্থিতি। ধস ও তুষারপাতের জেরে লাচেনে আটকে পড়েছেন প্রায় ১ হাজার ৬০০ পর্যটক। উদ্ধারকাজে নেমেছে সেনাবাহিনী, শুরু হয়েছে বিশেষ অভিযান। গত ৫ এপ্রিল লাচেন ও মঙ্গনের মধ্যে সংযোগকারী সড়কে ধস নামার পর থেকেই সমস্যার সূত্রপাত।
তার পর ৭ ও ৮ এপ্রিল টানা তুষারপাত পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। রাস্তার অবস্থা এতটাই খারাপ যে পর্যটকদের বের করে আনা কার্যত অসম্ভব হয়ে পড়ে। এই অবস্থায় বুধবার থেকে উদ্ধারকাজ শুরু করে সেনাবাহিনী।
অভিযানের নাম দেওয়া হয়েছে হিমসেতু। পূর্বাঞ্চলীয় কমান্ডের ত্রিশক্তি কোর দ্রুত আটকে পড়া পর্যটকদের উদ্ধারে নামে। সেনার তরফে জানানো হয়েছে, প্রতিকূল আবহাওয়া ও প্রবল তুষারপাতের মধ্যেও বিকল্প পথ খুলে দেওয়া এবং গুরুত্বপূর্ণ গিরিপথ চালু করার চেষ্টা চলছে। বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত মাত্র ১৫০ জন পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়েছে। এই পরিস্থিতিতে পর্যটকদের নিরাপদে ফেরানোই এখন প্রশাসনের মূল লক্ষ্য। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্বেগ কাটছে না।









