
শিয়ালদহ ডিভিশনে শিয়ালদহ এবং রানাঘাট রেলওয়ে স্টেশনের মধ্যে ট্রেন পরিষেবার ১৬২ বছর উদযাপন করেছে রেল। রবিবার শিয়ালদা স্টেশনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়েছে । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিয়ালদহ ডিভিশনের ডিআরএম দীপক নিগম, ইস্টার্ন রেলওয়ে এজিএম সুমিত সরকার সহ রেলের উচ্চপদস্থ আধিকারিকরা।
অনুষ্ঠানে বাড়তি আকর্ষণ ছিল বিভিন্ন স্কুলের খুদে পড়ুয়াদের নাটক, নাচ-গান। একটা ছোট এক্সিবিশন ছিল দর্শকদের জন্য। ব্রিটিশ ভারতে ১৮৬২ সালের সেপ্টেম্বরে শিয়ালদহ থেকে রানাঘাটের উদ্দেশ্যে প্রথম চাকা গড়ায় রেলের। কলকাতাকে উত্তর ২৪ পরগনা এবং নদিয়া জেলাকে যুক্ত করাই ছিল লক্ষ্য। ১৮৫৭ সালে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কলকাতা থেকে ঢাকা পর্যন্ত একটি নতুন রেললাইন স্থাপন করা হয়। এই লাইনের মূল উদ্দেশ্য ছিল পাট শিল্পকে চাঙ্গা করা। ব্রিটিশ শাসনে সেই সময় পাট শিল্প উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিলো। ১৮৬২ সালের জানুয়ারিতে কলকাতা থেকে চম্পাহাটি পর্যন্ত লাইনের প্রথম অংশটি সম্পন্ন হয়। এরপর ওই বছরের সেপ্টেম্বরে রানাঘাটের সঙ্গে যুক্ত করা হয়। ওয়াল্টার গ্লানভিল দ্বারা ডিজাইন করা প্রধান শিয়ালদহ রেলওয়ে স্টেশনের ভবনটি শুধুমাত্র ১৮৬৯ সালে নির্মিত হয়েছিল। শিয়ালদহ-রানাঘাট সেকশনে কয়লার ইঞ্জিনের ট্রেন চললেও ইলেকট্রিফিকেশন সম্পন্ন হয ১৯৬৩ সালে। এরপর রানাঘাট গেদে সেকশনটি ১৯৯৭-৯৮ সালে বিদ্যুতায়ন সম্পন্ন হয়। এরপর থেকেই শিয়ালদহ এবং গেদে-র মধ্যে ইএমইউ পরিষেবা চালু করা হয়েছিল। .
