
বিহার থেকে মহারাষ্ট্রে পাচারের সময় এক্সপ্রেস ট্রেন থেকে উদ্ধার করা হয়েছে ১৬৩ জন নাবালককে। মধ্যপ্রদেশের কাটনি জেলায় একটি এক্সপ্রেস ট্রেন থেকে তাঁদের উদ্ধার করেছে রেল পুলিশ। ঘটনা সামনে আসতেই ছড়িয়েছে চাঞ্চল্য।
ভারতে যেখানে শিশুশ্রম নিষিদ্ধ সেখানে একসঙ্গে এত সংখ্যক নাবালক উদ্ধারের ঘটনায় উঠছে প্রশ্ন।রবিবার কর্মকর্তারা জানিয়েছেন শিশু কল্যাণ কমিটির কাছ থেকে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার রাতে আরপিএফ ও জিআরপি ছয় থেকে তেরো বছর বয়সী শিশুদের বিহার থেকে লাতুরে শ্রমিকের কাজের জন্য নিয়ে যাওয়ার সময় দলটিকে আটক করে।
তারা জানান, রাতভর এক যৌথ অভিযানে রেলওয়ে প্রোটেকশন ফোর্স এবং গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ কাটনি রেল স্টেশনে পাটনা-পূর্ণা এক্সপ্রেসে যথাযথ টিকিট ও কাগজপত্র ছাড়া ওই নাবালকেদের সঙ্গে ভ্রমণকারী আটজনকে আটক করেছে। আটজন অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা-এর ১৪৩-৪ ধারায় একটি মামলা দায়ের করেছে।









