
পুনেতে ফের ৫ জন জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে। এবার সংক্রমণের শিকার এক গর্ভবতী মহিলা।জানা গিয়েছে, সম্প্রতি ইরান্ডওয়ানে এলাকায় দু’জনের শরীরে জিকা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল। এরপরই ওই এলাকায় তৎপর হয়ে ওঠেন স্বাস্থ্য আধিকারিকরা।
জিকার প্রাথমিক লক্ষণ চোখে পড়ায় ৩ অন্তঃসত্ত্বা মহিলার রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে। সেখান থেকেই জানা যায় ৩ মহিলার মধ্যে একজন জিকা ভাইরাসে আক্রান্ত। ইতিমধ্যেই ওই মহিলাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা এলাকায় সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ।চিকিৎসকরা জানিয়েছেন, অত্যন্ত দ্রুত গতিতে ছড়ায় জিকা ভাইরস। সাধারণত কোনও গুরুতর সমস্যা সৃষ্টি করে না, তবে কোনও অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য এটি অত্যন্ত বিপজ্জনক। প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত পুণেতে মোট ৫ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ইরান্ডওয়ানে এলাকায় এই নিয়ে ৩ জন ও দুজন আক্রান্ত হয়েছেন মুন্ধওয়া এলাকায়। ইরান্ডওয়ানে এর আগে যে দুজন আক্রান্ত হয়েছিলেন তাদেরই প্রতিবেশী ছিলেন সদ্য আক্রান্ত এই অন্তঃসত্ত্বা মহিলা।








