
ভুয়ো সিমকাণ্ডে আরও দুজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের সাইবার শাখা। শুভেন্দু গায়েন, জিতেন্দ্র আগরওয়াল নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে ১২৭৪টি চালু থাকা সিমকাড এবং ৩টি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, লক্ষাধিক টাকা পাওয়া গিয়েছে।। শুভেন্দু গ্রাহকদের নথি হাতিয়ে অথবা ভুয়ো নথি দিয়ে মোবাইলে সিম সংযোগের কাজ করতেন বলে দাবি পুলিশের। জিতেন্দ্র সেই সিম প্রতারকদের বিক্রি করতেন বলে অভিযোগ।
পুলিশ সূত্রে খবর, গত মাসে যারা গ্রেফতার হয়েছিলেন তাদের জেরা করেই শুভেন্দু গায়েনের নাম উঠে আসে। সোমবার তিলজলা থানা এলাকায় তল্লাশি চালিয়ে এই শুভেন্দুকে গ্রেফতার করা হয়েছে। শুভেন্দুকে জেরা করে গিরিশ পাক থানা এলাকা থেকে জিতেন্দ্রকে গ্রেফতার করে পুলিশ। উল্লেখ্য, সিম জালিয়াতির ঘটনায় ফেব্রুয়ারির শেষ থেকে এখনও পর্যন্ত মোট দশজনকে গ্রেফতার করা হয়েছে।







