
কেরলে পালিয়ে যাওয়ার আগে ডোমকলে পুলিশের উপর হামলাকাণ্ডে ২ জন অভিযুক্তকে শালিমার স্টেশন থেকে গ্রেফতার করেছে জিআরপি। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল মাসাবুল শেখ,ও মলিনা বিবি।
জানা গিয়েছে, বুধবার রাতের বেলা ১২৬৬০ শালিমার নাগের কল গুরুদেব এক্সপ্রেসে চেপে কেরলে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল অভিযুক্তরা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় শালিমার জিআরপি। ঠিক ট্রেনে ওঠার আগেই দুই মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে শালিমার রেল পুলিশ। বৃহস্পতিবার সকালে ধৃতদের নিয়ে মুর্শিদাবাদ রওনা দিয়েছে ডোমকল থানার পুলিশ।১৫ জানুয়রি বুধবার রাতে ডোমকল থানার এসআই রানাপ্রতাপ সেনগুপ্ত, ছ’জন পুলিশ কর্মী সহ, পুলিশ হেফাজতে থাকা আসামি সোহেল রানা ওরোফে রানা শেখকে নিয়ে তাঁদের আলিনগর গ্রামের ঘাটপাড়ায় গিয়েছিলেন। কিন্তু পুলিশের গাড়ি সেখানে পৌঁছতেই রানার পরিবারের লোকজন ও পরিজনেরা হাঁসুয়া, লাঠি নিয়ে আক্রমণ করেন। রানাকে ছিনিয়ে নেওয়া হয়। ছিনতাইকারীদের বাঁধা দিতে গেলে এসআই রানাপ্রতাপ সেনগুপ্ত জখম হন।
ওই ঘটনার তদন্তে নেমে পুলিশ রবিবার বিকেল পর্যন্ত পাঁচজন অভিযুক্তকে গ্রেফতার করে। ঘটনার দিন রাতেই পুলিশকে মারধরের ঘটনায় রায়পুর পঞ্চায়েতের সদস্য তৃণমূলের প্রাক্তন প্রধান মিনা বিবি-সহ চারজন গ্রেফতার হয়েছিলেন।
