
পাঞ্জাবের জনপ্রিয় সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কমল কউরকে খুনে ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এই ঘটনার মূলচক্রী অমৃতপাল সিং এখনও অধরা রয়েছেন। পুলিশ সূত্রে খবর ধৃতদের নাম জশপ্রীত মনরো এবং নিমরতজিৎ সিং।
ভাতিন্দার পুলিশ সুপার অমনীত কোন্দল বলেছেন, কমল তাঁর ইনস্টগ্রামে বিভিন্ন আপত্তিকর ভিডিও আপলোড করতেন। শুধু তাই নয়, ভিডিওর জন্য তিনি বিভিন্ন শহরেও যেতেন। গত ৯ জুন অমৃতপালে ডাকে তিনি ভাতিন্দায় যান। তারপরই কমলকে খুন করা হয়েছে।
পুলিশের দাবি সোশাল মিডিয়ায় আপত্তিকর ভিডিও পোস্টের জেরেই কমলকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। গত বছর অক্টোবরে আর্শ দাল্লা নামে ভারতীয় বংশোদ্ভূত কানাডার এক জঙ্গি তাঁকে হুমকি দিয়েছিল। তাঁকে অবিলম্বে ভিডিও বানানো বন্ধ করতে বলেছিল সে। গোটা ঘটনার জন্য প্রাথমিক ভাবে নীতি পুলিশকেই সন্দেহ করছে পুলিশ।








