
মহারাষ্ট্রে এইচএমপিভিতে আক্রান্ত হয়েছে ২ শিশু। মহারাষ্ট্রের নাগপুরে সংক্রমিতদের এক জনের বয়স সাত বছর এবং অপর জনের ১৩ বছর।
জানা গিয়েছে, দু’জনেরই জ্বর এবং সর্দিকাশির মতো কিছু উপসর্গ ছিল। নাগপুরের এক হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাদের লালারসের নমুনা পরীক্ষা করে এইচএমপিডি সংক্রমণ ধরা পড়েছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, দু’জনের কাউকেই হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করানোর প্রয়োজন হয়নি। আপাতত বাড়িতেই চিকিৎসা চলছে তাদের। উভয়েরই শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। এইচএমপি ভাইরাসের একটি রূপ সম্প্রতি চিনে সংক্রমণ বৃদ্ধি করতে শুরু করেছে। যা নিয়ে ভারত-সহ বিভিন্ন দেশে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। চিনের এই পরিস্থিতির মাঝে সোমবার ভারতেও এইচএমপি ভাইরাসের সংক্রমণের খবর আসতে শুরু করেছে। প্রথমে বেঙ্গালুরুর দুই শিশুর শরীরে ভাইরাস সংক্রমিত হওয়ার খবর মিলেছে। এরপরেই কলকাতা, আহমেদাবাদেও সংক্রমণের খবর মিলেছে। খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ আরও বৃদ্ধি পেয়েছে মানুষের মনে। কিছুক্ষণের মধ্যেই কেন্দ্র থেকে জানানো হয়, চিনে ছড়িয়ে পড়া ভাইরাসের সঙ্গে বেঙ্গালুরুর সংক্রমণের কোনও যোগ নেই। এখনও পর্যন্ত দেশে যে ক’টি সংক্রমণের খবর মিলেছে, প্রত্যেকেই শিশু এবং কিশোর।
তবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, যে কোনও বয়সের মানুষই এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন। শীতকালে এবং বসন্তের শুরুর দিকে এই ভাইরাস সংক্রমিত হওয়ার প্রবণতা বেশি থাকে বলেও জানান তিনি।
