
পরিত্যক্ত বাড়িতে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে আহত হয়েছে ২ শিশু। বোমার শব্দে জ্ঞান হারিয়েছে আরও ৩ শিশুও। ঘটনার জেরে মালদার কালিয়াচকের দিনুটোলায় আতঙ্ক ছড়িয়েছে।
খবর পেয়েই পুলিশ পৌঁছে এলাকা ঘিরে ফেলে। বোমা উদ্ধারে নামে বম্ব স্কোয়াড। জানা গিয়েছে বৃহস্পতিবার বিকেলে ৫ শিশু দিনুটোলায় একটি পরিত্যক্ত বাড়িতে খেলছিল। সেখানেই বোমাকে বল ভেবে খেলতে গিয়েই বিস্ফোরণ ঘটে। গুরুতর জখম হয় দুই শিশু। বাকিরা জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে বোমার আওয়াজে গ্রামবাসীরা গিয়ে শিশুদের উদ্ধার করে সিলামপুর হাসপাতালে নিয়ে যায়।
কে বা কারা বোমাগুলো মজুত করেছিল তা খতিয়ে দেখছে বৈষ্ণবনগর থানার পুলিশ। এর আগে বুধবারই সামশেরগঞ্জে বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে আহত হয়েছে দুই কিশোর।
