
রবি এবং সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমলেও মঙ্গলবার থেকে ফের আবহাওয়ার মুড সুইং-এর সম্ভাবনা।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা ওডিশার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মঙ্গলবার ফের তা দক্ষিণবঙ্গের কাছাকাছি আসতে পারে। আর সেই কারণে ২ সেপ্টেম্বর থেকে ফের দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টিপাত। রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা কম। তবে অস্বস্তি বাড়াবে আপেক্ষিক আর্দ্রতা। রবিবার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৭০ শতাংশ। এ দিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি হতে পারে।
অন্যান্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কমবে বৃষ্টিপাত, এমনই পর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
