
দীপাবলি উপলক্ষ্যে বাড়ি ফেরার সময় মুম্বইয়ে ভিড়ের চাপে ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে ২ যাত্রীর। গুরুতর জখম হয়েছেন আর এক জন।
শনিবার গভীর রাতে মুম্বইয়ের লোকমান্য তিলক টার্মিনাস থেকে বিহারগামী কর্মভূমি এক্সপ্রেসে ঘটনাটি ঘটেছে। ট্রেন নাসিক রোড স্টেশন ছাড়তেই প্রচণ্ড ভিড়ের চাপে তিন যাত্রী ট্রেন থেকে পড়ে যান। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তৃতীয় জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, মৃত দুই যুবকেরই বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। তবে তাঁদের পরিচয় এখনও জানা যায়নি। দীপাবলির দিন দুয়েকের মধ্যেই ছট পুজো রয়েছে। মনে করা হচ্ছে সে জন্যই বাড়ি ফিরছিলেন ওই যুবকেরা। তবে কী ভাবে ওই দুর্ঘটনা ঘটেছে, তা এখনও খতিয়ে দেখা হচ্ছে।








