
কর্নাটকের হাম্পিতে ঘুরতে এসে এক ইজরায়েলি পর্যটক সহ এক স্থানীয় মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে রাজ্য তথা দেশে। আরও তিনজন পর্যটককে মারধর করার ঘটনা ঘটেছে বলেও দাবি। গোটা ঘটনায় তিন যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। পুলিশ অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করছে। নির্যাতিতারা হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ, দুই তরুণীর সঙ্গে আরও তিন যুবক ছিলেন।
তাঁদের ধাক্কা মেরে খালের জলে ফেলে দেওয়া হয়েছিল। সেখান থেকে এক জনের দেহ উদ্ধার হয়েছে শনিবার সকালে। সানাপুর লেকের কাছে বৃহস্পতিবার রাতে ঘুরতে গেছিলেন পাঁচ জন। তাঁদের মধ্যে ছিলেন একজন ইজরায়েলি, একজন আমেরিকান পর্যটক, বাকিরা ভারতীয়। তাঁদের ওপরই হামলার অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে খবর, তিনজন অভিযুক্ত বাইকে করে এসেছিল। পর্যটকদের কাছ থেকে প্রথম পেট্রোল পাম্পের ঠিকানা চেয়েছিল। তারপর তাঁদের থেকে ১০০ টাকা করে চায়। সেই টাকা দিতে অস্বীকার করায় পর্যটকদের ওপর চড়াও হয় তারা। প্রথম মারধর করে আমেরিকান পর্যটক সহ তিনজনকে লেকে ফেলে দেয় দুষ্কৃতীরা। তারপর ওই ইজরায়েলি পর্যটক এবং তাঁর সঙ্গী তরুণীকে তারা গণধর্ষণ করে বলে অভিযোগ। হামলার শিকার হওয়া তিনজন পর্যটকের মধ্যে ড্যানিয়াল এবং পঙ্কজ কোনও রকম বেঁচে গেছেন।
তবে তৃতীয় জন বিভাস-এর মৃত্যু হয়েছে বলে খবর। হাম্পি থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে এই ঘটনা ঘটেছে। ইজরায়েলি পর্যটক ছাড়া যাকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ তিনি এক হোমস্টের মালিক। তিনিই এই ইস্যুতে মামলা দায়ের করেছেন। পুলিশের অনুমান, স্থানীয় যুবকরাই এই ঘটনার সঙ্গে জড়িত। তাদের খুঁজতে স্নিফার ডগ থেকে শুরু করে স্পেশ্যাল টিম গঠন করেছে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
