
ভারী বৃষ্টিতে ধস নেমে অন্তত দু’জন নিহত ও চার জন আহত হয়েছেন অরুণাচল প্রদেশের লোহিত জেলার তেজুর কাছে। জানা যায়, পাহাড়ের একাংশ ধসে পাঁচ জন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন। এক জন নিজে থেকে বেরিয়ে আসতে পারলেও বাকিরা আটকে থাকেন।
সবাই পরিযায়ী শ্রমিক ছিলেন। এখনও উদ্ধারকাজ চলছে। জানা গিয়েছে, হতাহতরা ওই এলাকার একটি স্থানীয় নির্মাণ প্রকল্পে যুক্ত ছিলেন। প্রশাসন জানিয়েছে, ধসে আটকে পড়া বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্য করতে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল কাজ করছে। অবিরাম বৃষ্টির ফলে খোন্সা-লাজু সড়কের প্রায় ১১০ মিটার অংশ ধসে পড়ায় সেখানে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তিরাপের বেশ কয়েকটি গ্রাম ও গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগও করা যাচ্ছে না।








