
আবার ছত্তীসগঢ়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে ২ মাওবাদীর। পুলিশ জানিয়েছে, বস্তার ডিভিশনের সুকমায় গুলির লড়াইয়ে দুই মাওবাদীর মৃত্যু হয়েছে। তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি। সুকমার পুলিশ সুপার কিরণ চহ্বাণ বলেছেন, কিস্তারাম থানা এলাকার পাহাড় ও জঙ্গলঘেরা এলাকায় শনিবার সকালে যৌথবাহিনী টহলদারিতে গিয়েছিল। সে সময় গুলির লড়াই শুরু হয়।
কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফের কোবরা কমান্ডো এবং ছত্তীসগঢ় পুলিশের ডিসট্রিক্ট রিজার্ভ গার্ড-এর যৌথবাহিনীর প্রত্যাঘাতে মৃত্যু হয় নিষিদ্ধ সংগঠন সিপিআই-এর সশস্ত্র শাখা পিএলজিএ-র দুই সদস্যের। সুকমার ওই এলাকা থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। অতিরিক্ত বাহিনী এনে গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চলছে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার।
