
ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন কংগ্রেস সাংসদ মহম্মদ জাওয়েদ এবং এআইএমআইএম সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি। তাদের দাবি প্রস্তাবিত আইনটি মুসলিমদের প্রতি বৈষম্যমূলক।বিতর্কিত বিল পাসের বিরুদ্ধে পৃথকভাবে শীর্ষ আদালতের কাছে আবেদন করেছেন তাঁরা। তাঁদের বক্তব্য এই বিধান মুসলিমদের মৌলিক অধিকারকে স্পষ্টভাবে লঙ্ঘন করে।
জাভেদ তাঁর আবেদনে বলেছেন, সংবিধানের ১৪ নম্বর, ২৫, ২৬ এবং ২৯ ধারা এবং ৩০০এ ধারা লঙ্ঘন করে। বর্তমান ওয়াকফ আইনের ৪০ নম্বর ধারা অনুযায়ী, যে কোনও সম্পত্তিকে ওয়াকফ হিসাবে ঘোষণার অধিকার এত দিন ছিল ওয়াকফ বোর্ডের হাতেই। নতুন সংশোধনীতে ওয়াকফ বোর্ডের সেই একচ্ছত্র অধিকার কেড়ে নিয়ে কোনও সম্পত্তি ওয়াকফ কিনা, সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হবে জেলাশাসক বা সম পদমর্যাদার কোনও আধিকারিকের হাতে।
উল্লেখ্য, শুক্রবারই কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জয়রাম রমেশ জানিয়েছিলেন, খুব শীঘ্রই কংগ্রেসে শীর্ষ আদালতে ওয়াকফ বিলের বৈধতাকে চ্যালেঞ্জ করে আর্জি জানাতে চলেছে। তার আগেই ব্যক্তিগতভাবে মামলা করলেন কংগ্রেস সাংসদ।
