
বাঘাযতীনের পর এবার ট্যাংরায় হেলে পড়েছে দুটি বহুতল। এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে ট্যাংরার ক্রিস্টোফার রোডে। ওই বহুতলটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা।
দ্রুত ভাঙার কাজ শুরু করতে হবে বলে জানানো হয়েছে। খোদ মেয়র পারিষদ স্বপন সম্মাদারের এলাকায় বহুতল হেলে পড়ায় অস্বস্তিতে পুরসভা। সেই কারণেই দ্রুত পদক্ষেপ করা হচ্ছে। পুরসভার নির্দেশ আসার পর ট্যাংরা থানার তরফে মাইকিং করে দুই বহুতলের বাসিন্দাদেরই সরে যেতে বলা হয়েছে। পুলিশ আধিকারিক বলেছেন, বৃহস্পতিবার থেকে এই বহুতল ভাঙার কাজ শুরু হবে। সেই রকম নির্দেশই এসেছে। ট্যাংরার ক্রিস্টোফার রোডে নির্মীয়মাণ পাঁচতলা বহুতল এক দিকে হেলে পড়ে। বুধবার সকালে সেই ঘটনা প্রকাশ্যে আসার পর এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। পাশেই প্রায় সমান উচ্চতার আর একটি বহুতল রয়েছে। তার গায়ে কাত হয়ে পড়ে বহুতলটি। নির্মীয়মাণ অবস্থায় থাকায় ওই বহুতলে বাসিন্দা কেউ ছিলেন না। ছিলেন কয়েক জন রাজমিস্ত্রি। তাঁরা অবশ্য সকলেই সুস্থ আছেন। কলকাতা পুরসভার ৫৮ নম্বর ওয়ার্ডটি মেয়র পারিষদ সন্দীপন সাহার এলাকা। সেখানেই বহুতল হেলে পড়ায় পুরসভার অস্বস্তি বেড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ট্যাংরার ওই এলাকায় প্রায় কোনও বহুতলই নিয়ম মেনে তৈরি করা হয়নি। সবই বেআইনি ভাবে মাথা তুলেছে। এলাকার কাউন্সিলর এ বিষয়ে অবগত বলেও দাবি করছেন কেউ কেউ। বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। তাঁদের আশঙ্কা, যে কোনও মুহূর্তে বহুতলটি আরও হেলে পড়তে পারে।
সে ক্ষেত্রে পাশের বাড়িটি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পুলিশের মাইকিংয়ের পর আতঙ্ক আরও বেড়েছে। বাসিন্দারা বলছেন, সরে যেতে বলছে। কিন্তু তারা কোথায় সরে যাবেন।
