
গুজরাটের কারখানায় বয়লার বিস্ফোরণে মৃত্যু নন্দীগ্রামের বাসিন্দা ২ পরিযায়ী শ্রমিকের। দুই যুবকের এমন আকস্মিক মৃত্যুতে কালীচরণপুর গ্রামে কান্নার রোল পড়ে গিয়েছে।
জানা গিয়েছে, গুজরাটের কচ্ছ জেলার পাডানার রুদ্রাক্ষ কোম্পানির একটি শিল্প কারখানায় গত শনিবার এক ভয়াবহ বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে, আর তাতেই প্রাণ হারিয়েছেন ২৫ বছরের প্রণব দিন্দা এবং ২৯ বছরের চন্দন দাস। তাঁরা দুজনেই নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের কালীচরণপুরের বাসিন্দা। শনিবার সকাল ১০টা নাগাদ কারখানায় ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। সেই সময় আচমকাই বয়লারে এক বিকট শব্দে বিস্ফোরণ হয়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয় চন্দন দাসের। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় প্রণব দিন্দাকে।
তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, দুপুর নাগাদ সেখানেই তাঁর মৃত্যু হয়। এই কঠিন সময়ে নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন নন্দীগ্রাম ১ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তথা ব্লক তৃণমূলের সহ-সভাপতি শেখ আলরাজি।
