
ভারী বৃষ্টি এবং ধসের জেরে বিপর্যস্ত নেপালে রাস্তা থেকে ছিটকে ত্রিশূলি নদীতে পড়ে ভেসে গিয়েছে দুটি যাত্রীবোঝাই বাস। শুক্রবার সকালের এই দুর্ঘটনায় দুটি বাসের ৬৩ জন যাত্রী নিখোঁজ হয়েছেন।
নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল প্রচণ্ড প্রশাসনিক আধিকারিকদের দ্রুত উদ্ধারকাজ শুরু করার নির্দেশ দিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে নেপালের চিতওয়ান জেলার মদন-আশ্রিত সড়ক ধরে এগোচ্ছিল দুটি বাস। রাস্তায় হঠাৎ ধস নামায় দুটি বাস ছিটকে গিয়ে পড়ে গিয়েছে পাশ দিয়ে বয়ে চলা ত্রিশূলি নদীতে। নদীটি খরোস্রোতা হওয়ায় ভেসে গিয়েছেন যাত্রীরা। গত কয়েক দিন ধরেই নেপালের বড় অংশে ভারী বৃষ্টিপাত হচ্ছে। রাস্তায় ধস নামার ঘটনাও ঘটেছে। যাত্রীদের উদ্ধারে তড়িঘড়ি উদ্ধারকাজ শুরু হয়েছে।অবিরাম বৃষ্টির জেরে নিখোঁজ বাসগুলির সন্ধান পেতে নাজেহাল হতে হচ্ছে উদ্ধারকারী দলকে। এরই মধ্যে এই দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল প্রচণ্ড। আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকায় কাঠমান্ডু থেকে ভরতপুরগামী সব ফ্লাইট বাতিল করা হয়েছে।







