
বিমানকর্মীদের বাধা না মেনে জোর করে ককপিটে ঢোকার চেষ্টা করেছেন দুই যাত্রী। যার জেরে সাত ঘণ্টা দেরিতে উড়েছে মুম্বইগামী স্পাইসজেটের বিমান। বিবৃতি দিয়ে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছে স্পাইসজেট। সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ার কথা ছিল স্পাইসজেটের এসজি ৯২৮২ বিমানটির।
কিন্তু ওড়ার ঠিক আগের মুহূর্তে অশান্তি বাধান দুই যাত্রী। নিজেদের আসন ছেড়ে উঠে গিয়ে জোর করে ককপিটে ঢুকে পড়ার চেষ্টা করেন তাঁরা। কেবিন ক্রু এবং বাকি যাত্রীরা তাঁদের থামানোর চেষ্টা করলেও লাভ হয়নি। চিৎকার শুনে বেরিয়ে আসেন ক্যাপ্টেনও।
তিনিও ওই দুই যাত্রীকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু কোনও কথাই শুনছিলেন না তাঁরা। শেষমেশ দুই যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। এ সবের জেরে নির্ধারিত সময়ের সাত ঘণ্টা দেরিতে মুম্বইয়ের উদ্দেশে রওনা দেয় বিমানটি।
