
স্বাধীনতা দিবসের দিন গুজরাটের ভদোদরা স্টেশনের কাছে আমদাবাদ-মুম্বই ডবল ডেকার এক্সপ্রেসের দুটি কামরা পৃথক হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পশ্চিম রেলের পক্ষ থেকে এক্সপোস্টে জানানো হয়েছে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার চলন্ত ট্রেন থেকে আলাদা হয়ে গিয়েছে,বাতানুকুল ৭ ও ৮ কামরা। বড়সড় অঘটন এড়ানো গেলেও, আতঙ্কিত হয়ে পড়েছেন যাত্রীরা। দুটি কামরা পৃথক হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন রেল আধিকারিকেরা। প্রাথমিক ভাবে অনুমান, ট্রেনের দুটি কামরার সংযোগকারী কপলার-র গোলযোগের কারণে এটি ঘটে থাকতে পারে। যদিও রেলের তরফে এখনও কোনও কারণ উল্লেখ করা হযনি। পশ্চিম রেল জানিয়েছেন, ট্রেনের সামনের ও পিছনের অংশ উভয়ই নিকটবর্তী প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া হয়েছে। এই বিপত্তির কারণে প্রভাব পড়ে ট্রেন চলাচলে। সাময়িক ভাবে লুপ লাইন দিয়ে আপ ট্রেনগুলি চলাচল করছিল।
