
দক্ষিণ কলকাতার নব নালন্দা স্কুলে কাচ ভেঙে গুরুতর আহত হয়েছেন নবম শ্রেণির পড়ুয়া। এই ঘটনার পর তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে স্কুল চত্বরে। জানা গিয়েছে, সোমবার সকাল ৭টা নাগাদ সার্দান অ্যাভিনিউ এলাকার ওই স্কুলে ঢুকছিলেন পড়ুয়ারা।
প্রার্থনা শুরু হওয়ার ঠিক আগে স্কুল ভবনের উপর থেকে কাচ ভেঙে পড়ে পড়ুয়াদের উপরে। দৌড়ে আসেন অন্য পড়ুয়ারা। ওই পড়ুয়াদের উদ্ধার করতে এগিয়ে যান পড়ুয়াদের স্কুলে পৌঁছে দিতে আসা অভিভাবকেরাও। সূত্রের খবর, দুই ছাত্রের মধ্যে একজনের আঘাত গুরুতর। দু’জনকেই বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । আতঙ্কিত অভিভাবকরা স্কুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযোগ, অভিভাবকদের কাছ থেকে ফি নেওয়া হলেও অ্যাম্বুল্যান্স পরিষেবা মেলে না। অভিভাবকরাই পড়ুয়াদের হাসপাতালে নিয়ে যান। স্কুলের তরফে যোগাযোগ ও পরিকাঠামোর সমস্যাও রয়েছে বলে অভিযোগ করেন বিক্ষোভরত অভিভাবকরা। অভিভাবকদের বিক্ষোভে উত্তেজনা ছড়ায় স্কুলে। পরিস্থিতি সামাল দিতে সেখানে যায় টালিগঞ্জ থানার পুলিশ।
অন্যদিকে স্কুল কর্তৃপক্ষের দাবি, পড়ুয়ারা জানলা খোলার চেষ্টা করায়, কাচ ভেঙে পড়ে। এর পাশাপাশি, যান্ত্রিক ত্রুটির কারণে অ্যাম্বুল্যান্স আসতে দেরি হয়েছে বলে দাবি স্কুল কর্তৃপক্ষের।
