
পুলিশের চর সন্দেহে ছত্তিশগড়ের বিজাপুরে দুই স্কুল শিক্ষককে হত্যা করেছে মাওবাদীরা। নিহত এক শিক্ষক বছর আঠাশের বিনোদ মাদে পিল্লুর গ্রামের বাসিন্দা।
তিনি কোডাপাদগু গ্রামের স্কুলে শিক্ষকতা করতেন। অন্যদিকে উনত্রিশ বছরের সুরেশ মেট্টাকেও চর সন্দেহে খুন করেছে মাওবাদীরা। তিনি টেকামেটা গ্রামের বাসিন্দা। প্রত্যন্ত গ্রাম দু টি ইন্দ্রবতী জাতীয় উদ্যান এলাকার মধ্য পড়ে বলে জানা গিয়েছে। এই নিয়ে চলতি বছরে বিজাপুর-সহ সাতটি জেলা নিয়ে গঠিত বস্তার এলাকায় নানা কারণে ২৫ জনকে হত্যা করেছে মাওবাদীরা। এখনও পর্যন্ত ওই এলাকাজুড়ে অভিযান চালিয়ে ৩১ জনের বেশি মাওবাদীকে নিকেশ করেছে পুলিশের যৌথ বাহিনী। ছত্তিশগঢ়, মহারাষ্ট্র ও তেলেঙ্গানা সীমানা ঘেঁষা পাহাড় ও জঙ্গলে ঘাঁটি গেড়ে থাকা ১০০০ মাওবাদীকে ধরতে নামানো হয়েছে প্রায় ২০ হাজারের বেশি যৌথবাহিনীকে।
অভিযানে ইতিমধ্যেই খতম করা হয়েছে মাওবাদীদের সাধারণ সম্পাদক বাসবরাজুকে, যার মাথার দাম ছিল দেড় কোটি টাকা। এছাড়াও নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য সুধাকরের।






