
জম্মু-কাশ্মীরে ফের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে দুই জঙ্গি। পুলিশের তরফে জানা গিয়েছে, বুধবার গোপন সূত্রে খবর আসে ডোডার গান্দহর বাজাদ গ্রামে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন জঙ্গি।
সেই মতো প্রস্তুতি নিয়ে গোটা গ্রাম ঘিরে ফেলে তল্লাশি অভিযানে নামে নিরাপত্তা বাহিনী। তল্লাশি অভিযান চলাকালীন পিছু হঠার জায়গা না পেয়ে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা জবাব দেয় নিরাপত্তা বাহিনীও। দীর্ঘক্ষণ দু’পক্ষের গুলির লড়াই চলার পর ২ জঙ্গির মৃত্যু হয়। ওই এলাকায় আরও বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে অনুমান করা হচ্ছে। এখনও চলছে তল্লাশি অভিযান। পুলিশ সূত্রে খবর, ১১ ও ১২ জুন পরপর সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটে ডোডার পাহাড়ি এলাকায়। এই ঘটনায় সন্দেহভাজন ৪ পাকিস্তানের জঙ্গির ছবি প্রকাশ করে ৫ লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করে পুলিশ। এলাকা জুড়ে শুরু হয় সন্ত্রাসবিরোধী অভিযান।
