কাশ্মীরে নিকেশ দুই জঙ্গি, মিলল অস্ত্রভাণ্ডারের সন্ধান

0
131
সেনা এবং কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে কুপওয়ারায় নিকেশ হয়েছে দুই জঙ্গি।
পাশাপাশি মৃত দুই জঙ্গির ডেরায় সন্ধান মিলেছে বড়সড় অস্ত্রভাণ্ডারের। উপত্যকাজুড়ে নাশকতার ছকে রীতিমতো যুদ্ধকালীন তৎপরতায় প্রস্তুতি চলছিল ওই জঙ্গি ডেরায়। সেনা সূত্রের খবর, কুপওয়ারার গুগলাধার এলাকায় জঙ্গি কার্যকলাপের খবর পেয়ে কাশ্মীর পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালিয়েছে সেনা। তল্লাশি অভিযানের মধ্যেই আচমকা সেনার উপর গুলিবর্ষণ শুরু করেছিল জঙ্গিরা। পালটা গুলিতে দুই জঙ্গিকে নিকেশ করেছে যৌথ বাহিনী। ওই এলাকায় আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে আশঙ্কা রয়েছে সেনার। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে সেনা। জানা গিয়েছে, রীতিমতো আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল অস্ত্রভান্ডার। কাশ্মীরে সদ্য বিধানসভা নির্বাচন শেষ হয়েছে। ভোটপ্রক্রিয়া চলাকালীন বড় কোনও নাশকতার ঘটনা না ঘটলেও, সামনে ভোটগণনা। তার আগে এই অস্ত্রভাণ্ডারের সন্ধান চিন্তা বাড়াচ্ছে নিরাপত্তারক্ষীদের। গত সপ্তাহে শেষ দফা ভোটের আগেও কাশ্মীরে জঙ্গি উপদ্রব দেখা গিয়েছিল।