
মধ্যপ্রদেশে জমিতে জোর করে রাস্তা নির্মাণের প্রতিবাদ করায় দুই মহিলাকে জ্যান্ত পুঁতে দেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে রিবা জেলার জোরোট গ্রামের।
আক্রান্ত দুই মহিলার নাম আশা পাণ্ডে ও মমতা পাণ্ডে। দুই মহিলার অভিযোগ, তাদের জমি জোর করে দখল করে তার উপর রাস্তা তৈরি করছিলেন রাজেশ সিং নামে এক ব্যক্তি। রাজেশ সিং ও তাঁর সঙ্গীরা নিজের জেসিবি ও মাটি ভর্তি ডাম্পার নিয়ে সেই জমিতে উপস্থিত হলে পাল্টা সেখানে উপস্থিত হন দুই মহিলা। দুজনের মধ্যে জমি নিয়ে কথা কাটাকাটি মারামারির পর্যায়ে পৌঁছয়। ওই অবস্থায় দুই মহিলার উপর ডাম্পার ভর্তি মাটি ঢেলে দেওয়া হয়। যার জেরে পুরোপুরি মাটির নিচে পুঁতে যান একজন, অন্যজন কোমর পর্যন্ত ঢুকে যান। এই অবস্থায় আশেপাশে থাকা অন্যরা এসে উদ্ধার করে ওই দুজনকে। এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পর তদন্তে নেমেছে প্রশাসন।যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি এস নিউজ। পুলিশের তরফে জানানো হয়েছে, এমন নির্মম ঘটনা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। এদিকে এই ইস্যুতে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে মধ্যপ্রদেশে। কংগ্রেস জানিয়েছে, বিজেপির ২০ বছরের কুশাসনের ফল এই ঘটনা।
