
আগামী বছরই আরও ২০টি চিতার আগমন হতে পারে ভারতে। সূত্রের খবর, কেন্দ্রের সহায়তায় ২০২৫ সালে আরও ২০টি চিতা দক্ষিণ আফ্রিকা থেকে আনতে চাইছে মধ্যপ্রদেশের বন দপ্তর।
তবে এবার কুনো জাতীয় উদ্যানে সেগুলিকে ছাড়া হবে না। আফ্রিকার ওই চিতার জন্য নতুন ঠিকানা জোগাড় করা হচ্ছে। এবার চিতাগুলি ছাড়া হবে মধ্যপ্রদেশে গান্ধীসাগর জাতীয় উদ্যানে। সেজন্য ওই জাতীয় উদ্যানের একাংশকে চিতাদের বসবাসের উপযুক্ত করে তোলা হচ্ছে। চিতাগুলির খাবারের জন্য ইতিমধ্যেই চিতল হরিণের দল। ৩৬৮ বর্গকিলোমিটার এলাকা জুড়ে তৈরি করা হয়েছে চিতাদের মূল আবাসস্থল।
সঙ্গে থাকবে ২,৫০০ বর্গকিলোমিটার ‘বাফার’ জোন। সূত্রের খবর, প্রাথমিক ভাবে কুনো থেকেই একটি চিতা এবং তার দুই শাবককে আনা হবে গান্ধীসাগর জাতীয় উদ্যানে। ওই পরিবেশে তারা মানিয়ে নিতে পারবে কিনা দেখা হবে।






