১৮ ঘণ্টা তুরস্ক বিমানবন্দরে আটকে ২০০ ভারতীয়

0
122
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

লন্ডন থেকে মুম্বই আসছিল ভার্জিন আটলান্টিকা নামক একটি সংস্থার বিমান। তাতে ছিলেন ২০০ জনের বেশি ভারতীয়। মাঝআকাশে এক যাত্রী আচমকাই অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য বিমানটিকে জরুরি অবতরণ করাতে হয় তুরস্কের এক বিমানবন্দরে।তার পর ঘণ্টার পর ঘণ্টা কেটে গিয়েছে, এখনও সেই বিমানটিকে তুরস্ক বিমানবন্দর থেকে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ানো সম্ভব হয়নি।

যাত্রীদের দাবি, ১৮ ঘণ্টা কেটে গিয়েছে, এখনও তাঁরা ওই বিমানবন্দরে আটকে আছেন। জানা গিয়েছে, জরুরি অবতরণের সময় বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। শুধু তা-ই নয়, তুরস্কের যে বিমানবন্দরে বিমানটিকে অবতরণ করানো হয়, সেখানে বিমান পরিচালনা করার মতো উপযুক্ত পরিবেশ নেই। এক যাত্রী বলেছেন, প্রায় ১৮ ঘণ্টা ধরে এই বিমানবন্দরে আটকে রয়েছেন। কারও সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। যে টার্মিনালে রয়েছেন, সেখানে পর্যাপ্ত জল, খাবার নেই। বিশ্রাম নেওয়ার জায়গার অভাব।

ছোট বাচ্চা, মহিলা এবং বয়স্ক ব্যক্তি রয়েছেন। তাঁরাও অসুস্থ হয়ে পড়ছেন।তবে আটকে থাকা যাত্রীদের ফিরিয়ে আনার ব্যাপারে উদ্যোগী মহারাষ্ট্র সরকারও।এক যাত্রী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস সাহায্যের আশ্বাস দিয়েছেন।ভারতের বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রক পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এক জন নোডাল অফিসারও নিয়োগ করেছে।