
উত্তপ্ত মণিপুরে নিখোঁজ সেনাবাহিনীর ঠিকাদারকে সন্ধানে ২ হাজারের বেশি সেনা মোতায়েন করা হয়েছে। নামানো হয়েছে ড্রোন, হেলিকপ্টারও।
তল্লাশিতে সুবিধার জন্য প্রশিক্ষিত স্নিফার কুকুরও আনা হয়েছে।নিখোঁজ সেনার নাম লাইশ্রাম কমল বাবু। কুকি-অধ্যুষিত কাংপোকপি জেলার লেইমাখং মিলিটারি স্টেশনে ভারতীয় সেনাবাহিনীর ৫৭ মাউন্টেন ডিভিশনের অধীনে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস-এ ঠিকাদারের কাজ করতেন লাইশ্রাম। ৫৬ বছরের ওই প্রৌঢ় মণিপুরে সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়ের সদস্য। বাড়ি অসমের কাছাড় জেলায়। গত সপ্তাহে লাইশ্রামের পরিবার জানায়, তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। ফোনও বন্ধ। এরপরেই উত্তেজনা ছড়ায় এলাকায়। পশ্চিম ইম্ফলের বিভিন্ন এলাকায় নতুন করে বিক্ষোভ শুরু হয়। লাইশ্রামকে খুঁজতে তল্লাশি অভিযান শুরু করে সেনা, পুলিশ এবং আধা-সামরিক বাহিনীর যৌথ দল। কিন্তু ৯ দিন কেটে গেলেও খোঁজ মেলেনি প্রৌঢ়ের।
মে মাস থেকে মেইতেই এবং কুকি-জো সম্প্রদায়ের মধ্যে হিংসা ঘিরে উত্তপ্ত মণিপুর। এখনও পর্যন্ত ২৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। গৃহহীন হয়েছেন আরও বহু মানুষ।






