
মধ্যপ্রাচ্যে জ্বালানি সংকটের পরিস্থিতির মোকাবিলায় এবার হরমুজকে এড়াতে অভিনব উদ্যোগ নিচ্ছে ভারত সরকার। জ্বালানির সমস্যা ঘোচাতে ওমান থেকে গুজরাট পর্যন্ত সমুদ্রের নিচে প্রায় ২ হাজার কিলোমিটার জ্বালানি পাইপলাইন বসানোর পরিকল্পনা করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার।
এই পরিকল্পনা বাস্তবায়নে খরচ পড়বে প্রায় ৪০ হাজার কোটি টাকা। সূত্রের খবর, প্রকল্প বাস্তবায়িত হলে ওমানের রাস আল জিফান থেকে আরব সাগর হয়ে গুজরাটের পোরবন্দরে সরাসরি পৌঁছবে জ্বালানি গ্যাস। পাইপ লাইনটি সমুদ্রের প্রায় ৩ হাজার মিটার বা তারও গভীরে স্থাপন করা হবে। কাজ সম্পন্ন হয়ে যাওয়ার পর দৈনিক ৩১ থেকে ৫৬ মিলিয়ন ঘনমিটার গ্যাস সরাসরি পরিবহণ করা যাবে। এদিকে এতদিন ধরে সমুদ্রপথে জাহাজে করে আনা হত জ্বালানি। এই প্রকল্প বাস্তবায়িত হলে বিপুল পরিবহণ খরচ কার্যত শূন্যে নেমে আসবে। প্রকল্পের সম্ভাবনা যাচাইয়ের জন্য ভারত সরকারের তরফ থেকে গেইল, ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড, ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনকে দায়িত্ব দেওয়া হয়েছে।জানা যাচ্ছে, গত তিন দশকে একাধিকবার এই প্রকল্প আলোচনার টেবিলে উঠলেও বিপুল ব্যয়, প্রযুক্তিগত বাধা ও বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে প্রশ্ন ওঠায় শেষ পর্যন্ত তা কার্যকর হয়নি।
বর্তমানে এক বেসরকারি সংস্থা এই প্রকল্পে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে প্রকল্পের প্রযুক্তিগত ও আর্থিক সমীক্ষার পাশাপাশি ২ হাজার কিলোমিটার ভূগর্ভস্থ এই পথে পাইপলাইন বিছাতে জরিপও করা হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে জ্বালানি গ্যাস ওমান থেকে সরাসরি পৌঁছে যাবে ভারতের পশ্চিম উপকূলে। তৈরি হবে মধ্যপ্রাচ্যের সঙ্গে ভারতের সরাসরি জ্বালানি করিডোর। শুধু তাই নয়, অশান্তির জেরে স্তব্ধ হয়ে যাওয়া জ্বালানির লাইফ লাইন হরমুজের উপর নির্ভরতা কমবে ভারতের।
