
২০০৬ মুম্বই ট্রেন বিস্ফোরণে দোষী সাব্যস্তদের প্রত্যেককেই মুক্তি দিয়েছে বম্বে হাইকোর্ট। ঘটনার ৯ বছর পর বিস্ফোরণে দোষী সাব্যস্ত করা হয় ১২ জনকে। পাঁচজনকে ফাঁসির সাজা শোনায় নিম্ন আদালত। কিন্তু ১২ জনের প্রত্যেককেই সোমবার বেকসুর খালাস করে দিয়েছে বম্বে হাই কোর্ট। উল্লেখ্য, ২০০৬ সালে মুম্বইয়ের লোকাল ট্রেনে বিস্ফোরণে ১৮৯ জনের মৃত্যু হয়।
সোমবার বিচারপতি অনিল কিলোর ও বিচারপতি শ্যাম সি চন্দকের ডিভিশন বেঞ্চ ওই রায় ঘোষণা করে। বিচারপতিরা বলেছেন, আসামিদের বিরুদ্ধে মামলা প্রমাণ করতে প্রসিকিউশন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বিশ্বাস করতে কষ্ট হয় যে অভিযুক্ত অপরাধ করেছে। তাই তাদের সাজা খারিজ করে দেওয়া হয়েছে।
২০০৬ সালের ১১ জুলাই, সন্ধ্যা ৬টা ২৩ মিনিট এবং ৬টা ২৮ মিনিটের মধ্যে সাতটি উচ্চ তীব্রতার বিস্ফোরণ হয়েছিল মুম্বই লোকালে। এর জেরে মুম্বইয়ের শহরতলিরপশ্চিম লাইনের সাতটি লোকাল ট্রেনের প্রথম শ্রেণির বগিগুলিতে রক্তবন্যা বয়ে যায়। এতে ১৮৯ জন মারা যায় এবং ৮২৯ জন আহত হয়।
