
ইউরোপজুড়ে রেকর্ডভাঙা তাপপ্রবাহে গত জুন মাসের শেষ সপ্তাহে ফ্রান্সে আরও ২ হাজার ২৫ জন মানুষের মৃত্যু হয়েছে। ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, জুন মাসের শেষ সপ্তাহে মৃত্যুহার এর আগের সপ্তাহের তুলনায় ২৯ শতাংশ বেড়েছে।
বিশেষ করে ৪৫ বছরের বেশি বয়সিদের মধ্যে মৃত্যুর হার বেড়েছে। আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন আগামী কযেকদিনে ইউরোপে আরও চরম তাপমাত্র দেখা দিতে পারে। গত ২৪ জুন ফ্রান্সে দেশজুড়ে গড় হিসাবে ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। ওইদিন রাজধানী প্যারিসে তাপমাত্রা প্রায় ৪১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় এবং দেশের অর্ধেক এলাকায় তাপপ্রবাহের সর্বোচ্চ পর্যায়ের লাল সতর্কতা জারি করা হয়। ব্রিটেনসহ ইউরোপের অন্যান্য দেশেও এই তাপপ্রবাহ প্রাণঘাতী রূপ নিয়েছে।
এদিকে বেলজিয়ামে এ সময়ে স্বাভাবিকের চেয়ে ৩৯ শতাংশ বেশি অর্থাৎ, ১ হাজার ২২২ জন অতিরিক্ত মানুষের মৃত্যু হয়েছে, যাদের অর্ধেকই ৮৫ বছর বা তার বেশি বয়সী। ডাচ কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, নেদারল্যান্ডসেও গত সপ্তাহে তীব্র গরমের কারণে প্রায় ৪৮০ জন অতিরিক্ত মানুষ মারা গেছে। ওদিকে, ফ্রান্সের জনস্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ২২ থেকে ২৮ জুনের মধ্যে দেশটিতে মৃতের সংখ্যা ২ হাজার ২৫ জন বেড়েছে, যা প্রায় ৩০ শতাংশ বেশি। কেবল রাজধানী প্যারিসেই মৃত্যুর হার বেড়েছে ৬২ শতাংশ। ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় আশঙ্কা প্রকাশ করে বলেছে, মৃত্যুর প্রাথমিক এই পরিসংখ্যান প্রকৃত সংখ্যার চেয়ে কমও হতে পারে।
