
বিডিও অফিসে ভাঙচুর, আগুন ধরানোর অভিযোগে ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবারের ঘটনায় আক্রান্ত হন চাকুলিয়া থানার আইসি রাজু সোনার সহ ৬ জন।
ইতিমধ্যে সিইও দফতরে জমা পড়েছে রিপোর্ট। বৃহস্পতিবার বেনজির তাণ্ডবের সাক্ষী থাকে উত্তর দিনাজপুরের চাকুলিয়ার বিডিও অফিস। ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়। গান্ধীজির মূর্তিও ভেঙে দেওয়া হয়। পুলিশের গাড়িতেও ভাঙচুর করা হয়েছে। আক্রান্ত হন চাকুলিয়া থানার আইসি রাজু সোনার সহ ৬ জন। বিশাল পুলিশবাহিনী, র্যাফ, কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। জানা গিয়েছে চাকুলিয়ায় প্রথম দফার শুনানির পর একাধিক ত্রুটির অভিযোগ ওঠে।
নির্বাচন কমিশনের তরফে শুধুমাত্র চাকুলিয়া ব্লকেরই অন্তত ৬৯ হাজার ভোটারকে শুনানিতে তলব করা হয়েছে। বৃহস্পতিবার কমিশনের বিরোধিতায় ক্ষোভ আছড়ে পড়ে চাকুলিয়ার একাধিক এলাকায় চলে বেনজির বিক্ষোভ।









