
পশ্চিমবঙ্গের জন্য ২ হাজার ১৭০ কোটি টাকার নতুন রেল প্রকল্পের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।শুধু বাংলা নয় মোট ৪টি রাজ্যে ৬ হাজার ৪৫৬ কোটি টাকার তিনটি রেল প্রকল্পের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
বুধবার রেলমন্ত্রী অস্বীনি বৈষ্ণব জানিয়েছেন, নতুন রেলপ্রকল্পে রয়েছে জামশেদপুর-পুরুলিয়া-আসানসোল থার্ড লাইন। যেটি পশ্চিমাঞ্চলের যাত্রীবাহী ট্রেন থেকে মালগাড়ির পথ সুগম করে তুলবে। এছাড়াও হাওড়া-মুম্বই ও হাওড়া দিল্লি করিডোর আরও উন্নত ও শক্তিশালী করা হবে। সরডেগা-ভালুমুডা ডাবল লাইন ও বারগড়-নোয়াপাড়া নতুন রেলপথের জন্যও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।জামশেদপুর-পুরুলিয়া-আসানসোল তৃতীয় লাইন প্রকল্পের জেরে পুরুলিয়া ও বর্ধমানে থার্ড লাইনের কাজ চলবে। একইসঙ্গে ঝাড়খণ্ডের পূর্ব সিংভূমে নতুন লাইনের কাজ হবে। জানা গিয়েছে, ১২১ কিমির এই রেলপথ তৈরির জন্য আনুমানিক ২ হাজার ১৭০ কোটি টাকা খরচ ধার্য্য করা হয়েছে। তাছাড়া আসানসোল নতুন লাইন তৈরি হলে দুর্গাপুর, বার্নপুর ও আসানসোলের শিল্পাঞ্চলের পণ্য পরিবহণের পথ সুগম হবে। ১ হাজার ৩৬০ কোটি টাকা খরচ করে ওড়িশার সুন্দ্রগর জেলার সরডেগা থেকে ছত্তিশগড়ের রায়গড় জেলার ভালুমুড়ার পর্যন্ত ৩৭ কিমি রেলপথকে ডাবল লাইন করা হবে। এর ফলে হাওড়া মুম্বাই করিডোরের যাত্রাপথ সুগম হবে।
