
সুপ্রিম কোর্টে ২০১৬-র এসএসসি-র পুরো প্যানেল বাতিলের দিনই ২০২২ সালের টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের ভবন অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র সল্টলেকের করুণাময়ী।
মিছিল শুরু আগেই চাকরিপ্রার্থীদের বাধা দেয় বিধাননগর পুলিশ। এর ফলে যানজট তৈরি হয় করুণাময়ী মোড়ে। আটকে পড়ে বহু গাড়ি। করুনাময়ী সংলগ্ন ১০ নং ট্যাঙ্ক অঞ্চলে জমায়েতের সময় তাদের আটক করে বিধাননগর পুলিশ। প্রকাশ্যে ধস্তাধস্তি, হাতাহাতিতে জড়াল পুলিশ এবং আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা। পুলিশি ঘেরাটোপ পেরিয়ে চাকরিপ্রার্থীরা এগিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁদের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয় পুলিশের। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে ৫০ হাজার শূন্যপদে নিয়োগ করতে হবে। তাঁদের অভিযোগ, অভিযান ভেস্তে দিতে প্রথমে চাকরিপ্রার্থীদের আটকানো হয়।
পরে তাঁদের গায়ে হাত তোলা হয়। চাকরিপ্রার্থীদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় বলেও পুলিশের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
