
জম্মু ও কাশ্মীরের নাশকতামূলক কার্যকলাপের ষড়যন্ত্রে জড়িত ২৩ জনকে সন্ত্রাসবাদী ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন, ইউএপিএ অনুযায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এ বিষয়ে গেজেট নোটিফিকেশন জারি করা হয়েছে।
ঘটনাচক্রে, ওই ২৩ জন সন্ত্রাসবাদীই পাকিস্তানি নাগরিক বা পাকিস্তানে অবস্থানরত। লশকর-এ-ত্যায়বা, জইশ-ই-মহম্মদ বা গত বছর পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় পর্যটক হত্যাকাণ্ডে জড়িত দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা ,টিআরএফ-এর মতো হাইব্রিড টেররিজ়ম-এ জড়িত ‘নিষিদ্ধ’ সন্ত্রাসবাদী গোষ্ঠীর কমান্ডারেরা রয়েছেন এই তালিকায়।রয়েছে লশকরের প্রতিষ্ঠাতা হাফিজ সইদের নেতৃত্বাধীন কট্টরপন্থী গোষ্ঠী জামাত-উদ-দাওয়ার কয়েক জন নেতার নামও। স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত এই সন্ত্রাসবাদীরা জম্মু ও কাশ্মীরে অস্ত্র সরবরাহ, অনুপ্রবেশ, এবং হামলা পরিচালনার মূল ষড়যন্ত্রকারী।
উল্লেখ্য, সন্ত্রাসবাদী তালিকায় নাম ওঠার ফলে জাতীয় তদন্তকারী সংস্থা, এনআইএ সংশ্লিষ্ট ২৩ জনের সম্পত্তি বাজেয়াপ্ত করতে এবং আর্থিক লেনদেন ব্লক করতে পদক্ষেপ করতে পারবে। আন্তর্জাতিক পুলিশ সংগঠনের, ইন্টারপোল-র কাছেও এদের বিরুদ্ধে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ পেশ করে পদক্ষেপের আবেদন জানানো যাবে। প্রসঙ্গত, ২০১৯ সালে প্রথম বার ইউএপিএ-তে দাউদ ইব্রাহিম, হাফিজ় সইদ, জ়াকিউর রহমান লকভি এবং মৌলানা মাসুদ আজ়হারকে সন্ত্রাসবাদী ঘোষণা করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
