
বিজেপিকে হটাতে বিরোধী দল ইন্ডিয়ার একই উদ্দেশ্য ও সুস্পষ্ট অভিপ্রায় নিয়ে সোমবার বৈঠক হবে। ইন্ডিয়া জোট ঐক্যবদ্ধ ছিল, আছে ও থাকবে। এক্স পোস্টে এমনই লিখেছেন সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তাঁর দাবি, বহু দল সৌহার্দ্যের চেতনায় মিলিত হওয়ার জন্য উন্মুখ।
এদিকে, সোমবার দিল্লিতে ইন্ডিয়া শিবিরের জনবন্ধন বৈঠকে ২৩টি দল যোগ দেবে বলে জানিয়েছেন কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ। তিনি এক্স বার্তায় লিখেছেন, কনস্টিটিউশন ক্লাবে ৮ জুন দুপুর ১২টা থেকে এই বৈঠক হবে। কয়েকটি দল বিশেষ কারণে এই বৈঠকে যোগ দিতে পারবে না বলে জানিয়েছে। কিন্তু তারাও নরেন্দ্র মোদী ও কেন্দ্রের সরকারের নীতি ও লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার ছিনিয়ে নেওয়ার বিরোধিতা করেছে।
রমেশের কথায়, ওই দলগুলিও সংবিধানের উপরে প্রতি দিন আঘাত, তদন্তকারী সংস্থার মাধ্যমে বিরোধী নেতাদের আক্রমণ, কোটি কোটি ভারতীয়ের জীবিকার উপরে আঘাত হানা, ক্রমাগত মূল্যবৃদ্ধির ফলে সাংসারিক খরচের হিসাব ধ্বংস করে দেওয়ার বিরোধী। লক্ষ লক্ষ তরুণ-তরুণীর স্বপ্ন ধ্বংস, লগ্নির পরিবেশ নষ্ট করা ও বিদেশনীতির মাধ্যমে জাতীয় স্বার্থ বিসর্জন দেওয়ার তারাও বিরোধিতা করছে। সিপিএম জানিয়েছে, কংগ্রেসের আচরণের বিরোধিতা করলেও তারা ওই বৈঠকে তাদের রাজ্যসভার নেতা জন ব্রিট্টাসকে পাঠাবে।
